চাটখিলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে হুমায়রা (৪) ও মাজেদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের তারাখাঁর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে একই বাড়ির হুমায়রা ও মাজেদ পুকুর ঘাটে খেলতে গিয়ে বাড়ির সকলের অগোচরে ঘরের পাশের একটি পুকুরে ডুবে যায়। পুকুরে প্রথমে মাজেদ’র মরদেহ ভেসে উঠে। এক পর্যায়ে ওই পুকুর থেকে হুমায়রার অচেতন দেহও উদ্ধার করা হয়।
পরে স্বজনরা অচেতন অবস্থায় শিশু দুটিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়রা চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের তারখাঁর বাড়ির হাফিজ আহমেদ’র মেয়ে এবং মাজেদ একই বাড়ির গুলজার হোসেন’র ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিল।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




