চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন,

সিফাত রানা,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিক হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুল কাইউমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইনসাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক শহীদুল হুদা অলক, সাধারন সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি মজিবুর রহমান ভিখু ও এবরান আলী, বনিক সমিতির পরিচালক রায়হানুল ইসলাম লুনা, ব্যবসায়ী আলহাজ্ব হাম্মাদ আলী, জাসদ নেতা আব্দুল মজিদ, সংগঠনের সদস্য রাকিবুল আলম, নিহতের পিতা গোলাম মোস্তফা, ভাই আব্দুল মমিন ও স্ত্রী সুমি খাতুন, মেয়ে রাবেয়া বাশরীসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা দুই নির্মাণ শ্রমিককে নির্মমভাবে অত্যাচার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি রাজশাহী বিসিক এলাকার মডার্ণ ফুড ইন্ডাস্ট্রিজের মালিক আব্দুল্লাহ, তার শ্বশুর সুমনসহ ৪-৫ জন রাজমিস্ত্রি রাকিবুল ইসলাম ও তার সহকারী রেজাউল করিমকে অমানবিক অত্যাচার চালিয়ে হত্যা করে।



