চাঁদের মতো মেয়েতে শিমু-তানভীর

আসছে ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে অভিনেতা ও নাট্যনির্মাতা শাহরিয়ার নাজিম জয় নির্মাণ করেছেন বিশেষ নাটক চাঁদের মতো মেয়ে। এটি রচনাও করেছেন শাহরিয়ার নাজিম জয়। এতে প্রথমবারের মতো একসাথে অভিনয় করতে দেখা যাবে দর্শকপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু ও এই প্রজন্মের আলোচিত অভিনেতা তানভীর খানকে।
বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যেই জয় নাটকটি নির্মাণ করেছেন। জয় বলেন, ‘খুব ভালো একটি গল্পের নাটক চাঁদের মতো মেয়ে। তাই আমার ইচ্ছে নাটকটি যেন বেশির ভাগ দর্শক দেখতে পারেন। সে কারণেই বিটিভিতে নাটকটি জমা দিয়েছি। শিমু ও তানভীর খুব ভালো অভিনয় করেছেন। দর্শক তাদের অভিনয়ে মুগ্ধ হবেন।’শিমু বলেন, ‘গল্প এবং চরিত্র খুব ভালো লাগায় কাজটি করেছি। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।’
তানভীর খান বলেন, আমার সৌভাগ্য যে জয় ভাইয়ের নির্দেশনায় সুমাইয়া শিমুর সাথে কাজ করেছি। দু’জনই আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আমি কাজটি নিয়ে খুব আশাবাদী।




