অপরাধ

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক নেতা রনি কারাগারে

চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজম রনিকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো: ওসমান গনি এ আদেশ দেন।
রনির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, উচ্চ আদালত থেকে রনি এক মাসের জামিন নিয়েছিলেন। আইন অনুসারে ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করতে হয়। আজ জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ এপ্রিল চকবাজার থানায় নুরুল আজিম রনিসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান। সে সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে ছিলেন রনি।
পরবর্তীতে এক কোচিং সেন্টারের মালিককে পিটানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গত ১৯ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানায় রনির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়া। এরপর প্রবল সমালোচনার মুখে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেন রনি।
এর আগে ২০১৬ সালের ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি এবং একটি সিল ও নগদ ২৬ হাজার টাকাসহ রনিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত।
পরে নির্বাচী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দায়িত্বপ্রাপ্ত বিচারিক হাকিম হারুন আর রশিদ তাকে দুই বছরের কারাদণ্ড দেন। সেসময় ৫২ দিন পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পান রনি।
এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
ওই দুই মামলা ছাড়াও নগরীর এমএ আজিজ আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণবিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা আছে।
সবশেষ পত্রিকায় প্রকাশিত সংবাদ শেয়ার করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মানহানির অভিযোগে গত ১৬ মে রনির বিরুদ্ধে আদালতে মামলা করেন নগর ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য তানজিরুল হক চৌধুরী।
এরপর ৩১ মে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন রনি।
চট্টগ্রামের রাজনীতিতে নুরুল আজিম রনি নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button