বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতি : মৌসুমীর জায়গায় নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক মেয়াদে (২০১৭-১৯) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু ৩ জুলাই শিল্পী সমিতির সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি তার দায়িত্ব পালন করা সম্ভব নয় উল্লেখ করে কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
যদিও এরপর তাকে শিল্পী সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যাতে তিনি ফের আগের অবস্থানে ফিরে যান। কিন্তু না। তা আর হয় নি। এরপর বিভিন্ন সময় আলোচনায় এসেছে তাহলে মৌসুমীর স্থলাভিষিক্ত কে হচ্ছেন?
এবার সে প্রশ্নের উত্তর মিলেছে। গতকাল রাতে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন,‘ মৌসুমী আপা কার্যনির্বাহী সদস্য হিসেবে এবারের নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ৩ জুলাই তিনি একটি চিঠিতে জানান, তার পক্ষে এ পদে থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘এরপর তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু তিনি আর সমিতির কোনো পদে দায়িত্ব পালন করবেন না বলে জানিয়ে দেন। তাই তার জায়গায় আমরা সমিতির সবার মতামত নিয়ে অভিনেত্রী নিপুণকে স্থলাভিষিক্ত করা হবে। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৯) মেয়াদে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৭৯ ভোট।
প্রতি দুই বছর পরপর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক অমিত হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button