চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : ৩ কর্মী ছুরিকাহত

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে অভ্যন্তরীণ বিরোধে ছাত্রলীগের দুই গ্র“পে আবারও ছুরি মারামারির ঘটনা ঘটেছে। কলেজ ক্যাম্পাসটিতে চলতি বছরে ছয় দফায় ছুরি মারামারির ঘটনায় ৮ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে ছুরি মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ জানিয়েছে, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন- মোহাম্মদ বাপ্পি (১৮), আনোয়ারুল আজিম শাহিন (২২) ও মোহাম্মদ সোহেল (২১)। তারা ছাত্রলীগে দু’টি গ্রপের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেইসবুকে স্ট্যাটাস নিয়ে দুপুরে কলেজ ক্যম্পাসে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের সাথে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের সাথে সংঘর্ষ বাঁধে। এতে ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ক্যাডারদের হাতে ছুরি, রাম দা ও হকিস্টিক ছিল। তারা নিজেদের দু’পক্ষের পাশাপাশি সাধারণ ছাত্র-ছাত্রীদের উপরও হামলা চালায়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, ছুরিকাঘাতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে বাপ্পি ও সোহেলের পেটে ছুরিকাঘাত হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
মহিউদ্দিন অনুসারি হারুনুর রশিদ হৃদয় জানান, পূর্ববিরোধের জের ধরে মেয়র আ জ ম নাছির গ্র“পের বাপ্পিসহ কয়েকজন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে শাহিন ও সোহেলকে ছুরিকাঘাত করলে শাহিনও তাকে ছুরিকাঘাত করে।
নাছির উদ্দিনের অনুসারি বোরহান উদ্দিন বলেন, গত বৃহস্পতিবারে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসা চসিকের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী তার ফেইসবুকে একটি ছবি পোস্ট করেন। নিচে শাহীন সাবেক মেয়র গ্র“পের অনুসারিরা খারাপ কমেন্ট করায় তাদের বিষয়টি জিজ্ঞেস করতে যায় বাপ্পি। এতে কথাকাটা কাটির এক পর্যয়ে শাহীন বাপ্পিকে ছুরিকাঘাত করে।
চকবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা বলেন, ‘আমাদের একটি টিম সার্বক্ষনিক কলেজ গেইটে থাকলে ঘটনাটি পাহাড়ের উপরে হওয়ায় সেখানে তাৎক্ষণিক পুলিশ যেতে পারেনি। পরে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।




