
চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ৩৭২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ২৫৯ জন এবং উপজেলার ১১৩ জন। নতুন এসব আক্রান্তসহ মোট শনাক্ত হয়েছে ৮৮৫২ জন।
বুধবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দেশ রূপান্তরকে বলেন, গত মঙ্গলবার বিআইটিআইডি, সিভাসু, চমেক, চবি, বেসরকারি ইম্পেরিয়াল ও শেভরন এবং কক্সবাজারের মেডিকেল কলেজের ল্যাবে ১৩৪৫টি নমুনা পরীক্ষায় এ ফল আসে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮৫২ জনে। মোট আক্রান্তের মধ্যে নগরের ৬ হাজার ৯৮ জন এবং বিভিন্ন উপজেলার ২ হাজার ৭৫৪ জন।
সিভিল কার্যালয়ের তথ্যানুযায়ী, গত বুধবার বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৩১০টি। এদের মধ্যে পজিটিভ আসে ৩৯ জনের। এদের মধ্যে নগরের বাসিন্দা ৩০ জন ও উপজেলার ৯ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরের ৬ জন এবং বিভিন্ন উপজেলার ৩০ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে এদিন ৩১৭টি নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে ৬১ জন নগরের এবং ১২ জন উপজেলার বাসিন্দা।
একইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৮৬টি। এর মধ্যে ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। যাদের মধ্যে নগরের ৩১ জন ও বিভিন্ন উপজেলার ২৯ জন।
নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে নগরের ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৩৬ জন ও বিভিন্ন উপজেলার ৮ জন।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ১০টি নমুনা পরীক্ষা করে উপজেলার ১০ জন বাসিন্দার করোনা পজিটিভ এসেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন, সেই হিসেবে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৭৩ জন।



