
চট্টগ্রামে আরও ১৯২ জনের শরীরে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪৮৪ জন।
সোমবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত রবিবার চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু, চমেক, চবি, ইম্পেরিয়াল হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ১০৪৯টি নমুনা পরীক্ষা করে আরও ১৯২ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ১২১ জন এবং উপজেলার ৭১ জন রয়েছে।
রবিবার ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৭০টি। এদের মধ্যে করোনা শনাক্ত হয় ৪৭ জনের। এদের মধ্যে নগরীর ১৭ জন ও উপজেলার ৩০ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিনে ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে নগরীর ৭ জন এবং বিভিন্ন উপজেলার ২ জন।
রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৩০৩টি। যাদের মধ্যে ৫২ জনের পজিটিভ আসে। এর মধ্যে উপজেলার ৬ জন এবং জন নগরীর ৪৬ বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয় গত রবিবার । এর মধ্যে পজিটিভ মিলেছে ৫৭ জনের। এদের মধ্যে নগরীর ২৬ জন এবং বিভিন্ন উপজেলার ৩১ জন।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৪টি নমুনা করে উপজেলার একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
একইদিন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৮৪টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর ২৫ জন ও একজন উপজেলার বাসিন্দার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ জন। এই নিয়ে চট্টগ্রাম জেলায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, সে হিসেবে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১৪৪ জন।




