রাজনীতি

ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে বলে মনে করছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জনগণকে ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। কবি, প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী আরো বলেন, ফরহাদ মজহার নিজেই বলেছেন সরকারকে দেশে-বিদেশে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই তাকে অপহরণ করা হয়েছে। সেতুমন্ত্রী বলেন, সবার আগে দেশ। কোনো দলের বিরুদ্ধে নালিশ বা ক্ষোভ থাকতে পারে কিন্তু দেশের যাতে ক্ষতি না হয় সেদিকে সবাইকেই সজাগ থাকতে হবে।
আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়ে সেতুমন্ত্রী সেই নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহবান জানান। এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন।
এসময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড’র প্রকল্প পরিচালক লে. কর্নেল নিজামউদ্দিন আহমদ পিএসপিসহ সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ভতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button