শিরোনামশীর্ষ সংবাদ

ঘূর্ণিঝড় ফণী: আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ১২ লাখ মানুষ

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের উপকূলীয় জেলাগুলোর ঝুঁকিপূর্ণ অঞ্চলের ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জন মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল এ তথ্য জানান।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব দুপুর পর্যন্ত প্রার চার লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নাওয়ার কথা জানিয়েছিলেন। দেশের ১৯ জেলার ১৪৭টি উপজেলার ১৩ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত। এ বিশাল এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ বসবাস করেন। এই ১৯ জেলায় ৪ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যার বেশিরভাগই প্রস্তুত রাখা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সচিব জানান, ‘নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার-ভিডিপি, স্বেচ্ছাসেবকসহ রাজনৈতিককর্মীরা উপকূলের মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন’।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button