ঘিওরে মহান বিজয় দিবস পালিত

মোঃ রফিকুল ইসলাম মৃধা,ঘিওর : সারা দেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে, ঘিওর উপজেলা প্রশাসন, ঘিওর থানা, বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচী অনুযায়ী, সূর্য্যদোয়ের সাথে-সাথে ঘিওর থানা থেকে ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে দিবসের ঘোষনা করা হয়। ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিণারে উপজেলা প্রশাসন, ঘিওর থানা, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীগ, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় মিছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার বর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোহছেন উদ্দিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ আজিজ মিয়া, ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত ময়না, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমূখ বক্তব্য রাখেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




