ঘিওরে মসজিদের জয়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পূরাতন গরুহাট সংলগ্ম মসজিদের জায়গা দখল, লুটপাট ও তছনছ করার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার জুমআ নামাজের পর শত শত মুসল্লীরা প্রতিবাদ ও মানববন্ধন করেছে। পরে মুসল্লীরা আসামীদের দ্রুত গ্রেফতার দাবীতে মসজিদ কমিটির সভাপতি নাসিরউদ্দিন খান ও সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রওশন আলমের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি নাসিরউদ্দিন খান জানান, আমার বাবা মরহুম ওয়াহেদ খানের রেখে যাওয়া ক্রয়কৃত সম্পত্তিটি উক্ত মসজিদের নামে দীর্ঘ দিন আগে ওয়াকফ্ দলিল করে মোট ৪ শতাংশ জমি দেয়া হয়। এরমধ্যে দোকান ঘরের পজিশনটি কুস্তা মৌজার এস.এ ১৩৩২ দাগ ও আর.এস ১৫২১ দাগে ০.৫০ শতাংশ এবং আর.এস ১৫২২ দাগের ০২ শতাংশ মোট ২.৫০ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত। দোকান ঘরটি গত ১৯/০২/২০১০ইং সালে ভাড়া দেয়া হয়। একটি কুচক্রী মহল পূর্বশত্রুতার জেরধরে বিভিন্ন সময়ে মসজিদের জমিটি দখলের চেষ্টা করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো জানান, মসজিদের উন্নয়নমূলক কাজের ব্যয় নির্বাহ করা জন্য উত্তোলনকৃত দোকান ঘর ভাড়া দেয়া হয়েছে। দোকান ঘরের সামনে লাগানো ওয়াকফ্নামার সাইনবোর্ডটিও লুট করেছে দূর্বৃত্তকারীরা। এরপরও কুচক্রী মহল থেমে নেই। তারা নানাভাবে সম্পূর্ণ জায়গাটি দখলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি সাংবাদিকদের জানান, দ্রুত কুচক্রীমহলের লোকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জরুরী দাবী জানান।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রওশন আলম জানান, এ ঘটনায় আমি তীব্র নিন্দাবাদ জানাচ্ছি। এতে ধর্মীয় অনুভূতিতে দূর্বৃত্তকারী আঘাত হেনেছে। থানায় মামলায় দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামীদেরকে অতিসত্বর গ্রেফতার করে আইনানুগ শাস্তি প্রদানের জন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবী জানান।
এ ব্যাপারে দোকানের ভাড়াটিয়া ফরিদ বেপারী(৪০) জানান, ২০১০ সালে মসজিদ কমিটির নিকট থেকে নোটারী পাবলিকের মাধ্যমে চুক্তি পত্র করে আমি দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। ঘটনার দিন সকালে দোকানে অনুপস্থিত থাকায় সেই সুযোগে কুচক্রীমহল সংঘবদ্ধ হয়ে ৭/৮ জন মিলে দোকন ঘরের ঝাঁপ ভেঙ্গে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার সম্পত্তি লুট, ও তছনছ করে ক্ষতি করেছে। এখনও ওই কুচক্রীমহল দেশীয় অস্ত্র নিয়ে নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে। জরুরী ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন না করলে যেকোন সময় দূবর্ৃৃত্তকারীরা বড় ধরনের দূর্ঘটনা ঘটাবে বলে আশংকা রয়েছে।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে, মসজিদ কমিটির পূরাতন গরুহাটার একটি দোকান ঘরের ৩টি ঝাঁপ ভেঙ্গে জিনিস পত্র তছনছ করে জায়গাও দখল করে রেখেছে দূর্বৃত্তকারীরা। ঘটনার দিন ওই দোকানে লোকজন না থাকায় ৭/৮ জন দূর্বৃত্তকারী এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘিওর বাজার কমিটির সাধারণ সম্পাদক আঃ মতিন মুসা বলেন, ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে ধর্মীয় প্রতিষ্ঠানটির সম্পত্তি রক্ষায় সবার সহযোগীতা প্রয়োজন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




