ঘিওরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা, ঢেউটিন ও কম্বল সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের পশ্চিম দোতরা গ্রামের ক্ষতিগ্রস্থ হানিফ মৃধার বাড়িতে এ সহায়তা প্রদান করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা, তাৎক্ষণিক ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও বেশ কয়েকটি কম্বল দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।
এর আগে শুক্রবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হওয়া এই ঘরের পাশাপাশি (ঘনবসতিপূর্ণ এলাকা) আরো অর্ধশত পরিবার। এলাকাবাসীর অক্লান্ত চেষ্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় পরিবারগুলো।
ক্ষতিগ্রস্ত হানিফ মৃধা বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। এই সাহায্য পেয়ে মাথা গোঁজার ঠাঁই পেলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, পুড়ে যাওয়া হানিফ মৃধার বাড়ি পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসন থেকে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন তাৎক্ষণিক সহযোগিতা করা হয়েছে। দরিদ্র এই পরিবারকে আরো সহায়তা করা হবে।




