গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে রংপুরে মানববন্ধন-সমাবেশ

রংপুর ব্যুরোঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। রোববার দুপুরে কাচারী বাজারে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি রেজাউল ইসলাম মিলন, অ্যাড. দিলশাদ ইসলাম মুকুল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিকবার হত্যার পরিকল্পনা করেছিল। তারই একটি অংশ একুশে আগস্ট গ্রেনেড হামলা। সেদিন আওয়ামী লীগের সমাবেশস্থল নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছিল। বর্তমান সরকারের আমলে গ্রেনেড হামলাকারীদের বিচার কার্য সম্পন্ন হয়েছে। আমরা গ্রেনেড হামলাকারীদের রায় দ্রুত কার্যকর করার দাবী জানাচ্ছি। সেই সাথে আগামী নির্বাচনকে ঘিরে এই অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করছে। দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে।



