প্রবাস

গ্রিসে বিপুল উদ্দীপনায় ঈদ-উল-আযহা উদযাপিত

উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের আয়োজনে এথেন্সের কুমুদুরু পার্কে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি এখানে নামাজ আদায় করেন। রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্প্রীতির আহ্বান জানান।
রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-আযহার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন। তিনি ত্যাগ তিতিক্ষার মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে পরস্পরের প্রতি সহমর্মিতাভিত্তিক সম্পর্ক উন্নয়নের দিকে জোর দেন।
তিনি আরো বলেন, পবিত্র ঈদ-উল-আযহার মহিমায় মানুষে মানুষে প্রীতির বন্ধনে গড়ে উঠুক ঐক্য। মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সক্রিয় সম্পৃক্ত হওয়ার জন্য তিনি প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
ঈদের জামাতে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতারা, প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং নানা বিভাগ ও জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতারা। ঈদের জামাতে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং দূতাবাসের কর্মকর্তারা এথেন্সে চিকিৎসারত প্রবাসী বাংলাদেশি রোগীদের সাথেও হাসপাতালে ঈদ শুভেচ্ছা বিনিময় করে তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের সুস্থতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button