গোলাপগঞ্জের কিশোরী দিনাজপুরে, ‘প্রেমিক’ গ্রেফতার

আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি : গোলাপগঞ্জ থানার একটি অপহরণ মামলার আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ‘অপহৃত’ ভিকটিমকে।
গ্রেফতারকৃত হাসান আলী (২০) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর লাটেরহাট গ্রামের হজরত আলীর ছেলে।
জানা গেছে, রং নাম্বারে হাসান আলীর সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে তার কাছে যাওয়ার কথা বলে। ভিকটিম পালিয়ে গেলে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন হাসান। পরে ভিকটিম বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় গত ১৭ এপ্রিল ভিকটিমের বাবা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১৫।
পুলিশ জানায়, শনিবার (২৩ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান তথ্য প্রযুক্তির ব্যবহার করে হাসানকে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে সেখানকার স্থানীয় থানাপুলিশ তাদেরকে সহযোগিতা করে। এসময় ভিকটিম কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম জানান, ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে হাসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




