গোপনে তথ্য সংগ্রহ করছে ফেসবুক!

ফেসবুক প্রতিনিয়ত বিভিন্ন কৌশলে আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। গ্রাহকদের সুনির্দিষ্ট বিজ্ঞাপন দেখাতেই এই বিশাল তথ্য সংগ্রহ করা হচ্ছে। নানাভাবে এসব তথ্য সংগ্রহ করা হয়। সম্প্রতি ফেসবুকের তথ্য সংগ্রহের বিষয়টি ‘ওয়ার্ডস্ট্রিম’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কারিগরি কর্মকর্তা ল্যারি কিম ইনকরপোরেশন ম্যাগাজিনের একটি লেখায় তুলে এনেছেন। ফেসবুক কিভাবে তথ্য সংগ্রহ করে, তা নিয়ে একটি ইনফোগ্রাফিক তৈরি করেছে ওয়ার্ডস্ট্রিম।
একজন ফেসবুক ব্যবহারকারী কোথায় যান, কী করেন, কিভাবে, সব কিছুই ফেসবুক কর্তৃপক্ষের জানা। ল্যারি জানিয়েছেন, ফেসবুকে ব্যক্তিগত গোপনীয় বিষয়গুলো নিয়ে যতই সচেতনতার দাবি করা হোক না মানুষ তাদের ভাবনা, ছবি, খবর, ভিডিওসহ অনেক বিষয় ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করছেন। আপনি কোন গাড়ি চালান, কাকে দান করেন, কোন ওয়েবসাইটে যান সব কিছুই ফেসবুকের কাছে থাকে।
মেটাডেটাযুক্ত বিভিন্ন পোস্ট ফেসবুকে আমরা জেনেশুনে শেয়ার করছি। মেটাডেটা হলো যে ডেটাসেট অন্য ডেটা সম্পর্কে তথ্য জানায়। ফেসবুকে আমরা সাইন-ইন, পোস্টের স্থান, ছবি তোলার স্থান, কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময়, প্রিয় শিল্পীর গান শোনার সময়ের মতো বিষয়গুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দ্বিতীয়বার চিন্তা ছাড়াই শেয়ার করছি!
ফেসবুকে ব্যক্তিগত তথ্য শেয়ার করার পরও ওয়েবজুড়ে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখে অনেকেই আশ্চর্য হয়ে যান। এর পেছনে অবশ্য কারণ আছে। যেসব প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রদর্শন করতে চায়, তাদের জন্যই ব্যবহারকারীর প্রোফাইল ভাড়া দিতে হয় ফেসবুককে। ফেসবুকের বিজ্ঞাপন লক্ষ করে চালু করা অপশনগুলো পরীক্ষা করে দেখা গেছে, তারা রিলেশনশিপ স্ট্যাটাস, লোকেশন, লাইফ ইভেন্ট, রাজনৈতিক অবস্থান, আগ্রহ, ডিজিটাল কর্মকাণ্ড ও ব্যক্তিগত যোগাযোগের মতো বিষয়গুলোর তথ্য সংগ্রহ করে।




