খেলা
গেইলের সেঞ্চুরি: জ্যামাইকার ফের জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানদের জ্যামাইকা তালাওয়াস তাদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে। মঙ্গলবার পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে তারা ৭ উইকেটে হারিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্সকে। ক্রিস গেইলের বিস্ফোরক সেঞ্চুরির পর জয় ছাড়া আর কোনো বিকল্প্ ছিল না তাদের। সাকিবকে ব্যাট করতেও নামতে হয়নি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাইট রাইডার্সরা নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেটে ১৯১ রান। আগের ম্যাচে রেকর্ডকারী হাশিম আমলা এই ম্যাচেও ৭৪ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। এছাড়া মুনরো করেন ৫৫ রান।
সাকিব দুই ওভার বল করলেও কোনো উইকেট পাননি। তিনি রান দিয়েছেন ২৬।
এরপর ব্যাট করতে নেমে গেইলের দুর্ধর্ষ ব্যাটিং দলকে সহজ জয় পাইয়ে দেয়। তিনি ৫৪ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। ৬টি চার আর ১১টি ছক্কার মাধ্যমে ১১ বল বাকি থাকতেই খেলা শেষ করে দেন।




