গুরুদাসপুরে আদিবাসী পরিবারের মাঝে ভেড়া বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আদিবাসীদের স্বাবলম্বী করতে ৬৫ পরিবারের মাঝে ৮ লাখ টাকার ১৩০টি ভেড়া বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বক্তব্য শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের মাঝে ভেড়া বিতরণ করেন প্রধান অতিথি।
তিনি বলেন, ভেড়াগুলো লালন পালন ও চিকিৎসার জন্য সরকারি ভাবে প্রযোজনীয় সবরকম সহযোগিতা দেওয়া হবে। এক মাসের মধ্যে কোনো ভেড়া মারা গেলে ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনরায় ভেড়া দেওয়া হবে।তিনি আরো বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষের ভরসা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে কৃষি, প্রাণি ও মৎস্য সম্পদে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন রোল মডেল।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমানের সঞ্চালনায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রাণিস ম্পদ দপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোলাম মোস্তফা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আলমগীর হোসেন, সাংবাদিক আলী আক্কাছ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধি প্রতাপ সিং প্রমুখ।



