গালওয়ানের সংঘাতস্থল থেকে সেনা-ছাউনি সরিয়ে নিচ্ছে চীন-ভারত

লাদাখে সীমান্ত বিরোধে গালওয়ান উপত্যকায় চীন ও ভারত দুই দিক থেকে অস্থায়ী ছাউনি স্থাপন করেছিল। তবে দুই পক্ষই বিতর্কিত সীমানায় নিজেদের স্থাপনা সরিয়ে ফেলছে।
এক সূত্রে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) বিতর্কিত সীমানা থেকে দুই কিলোমিটার পেছনে সরে যাচ্ছে চীনা সেনারা।
ভারত সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ১৫ জুন গালওয়ান উপত্যকায় যে সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, সেখান থেকে সেনা ছাউনি সরিয়ে নিচ্ছে চীন।
ওইদিন চীনের হামলায় ভারতের কর্নেলসহ ২০ জন সেনা প্রাণ হারান এবং এবং আহত হন ৭০ জনেরও বেশি।
লাদাখে বিতর্কিত সীমান্ত এলাকায় চীন ১৮৬টি সেনা চাউনি বসিয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা যায়।
ভারত দাবি করে প্যাংগং লেক এলাকার সীমান্তের ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের। তবে চীনের দাবি ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।
৩০ জুন থেকে চলা দুই পক্ষের কমান্ডার পর্যায়ে বৈঠকে রবিবার একটি সমঝোতা পৌঁছায় দিল্লি ও বেইজিং।
চীন তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কী না সেটি যাচাই করতে একটি অনুসন্ধান চালায় ভারতীয় সেনা। এতে দেখা যায়, চীনা সেনারা অস্থায়ী ছাউনি অপসারণ করে পেছনে সরে যাচ্ছে।
ভারতীয় ওই কর্মকর্তা জানান, সরাসরি গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। চীনা সেনারা গালওয়ানের সংঘর্ষের দুই কিমি দূরে সরে যাচ্ছে। উভয়পক্ষের অস্থায়ী ছাউনি সরিয়ে ফেলা হচ্ছে।




