গান থেকে বিদায় নিচ্ছি না -ফেরদৌস ওয়াহীদ

বছরের শেষ দিন আমার জন্য ভালো ছিল। এদিনে আমার জন্মস্থান বিক্রমপুরবাসীর কাছ থেকে সম্মাননায় ভূষিত হয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের। মানবজমিনকে এমনটাই জানালেন স্বনামধন্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহীদ। তিনি আরো বলেন, বিক্রমপুরে ‘ফ্রেন্ডস গ্রুপ’ নামে একটি সংগঠন আছে। তারা আমাকে এই সম্মাননা দিয়েছে। নিজের গ্রামবাসীর কাছ থেকে এমন সম্মান পাওয়া যে কারো জন্য সুখকর বলে আমি মনে করি। নতুন বছর তো গান থেকে বিদায় নেবেন? তবে কি আপনাকে আর গানে পাওয়া যাবে না? উত্তরে তিনি বলেন, আমি গান থেকে বিদায় নিচ্ছি না।
তবে স্টেজ শো আর টিভি শোতে আমাকে দেখা যাবে না। নতুন বছর থেকে এই দুই মাধ্যমে আমি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। জিঙ্গেল বা নতুন ভালো কোনো গান হলে সেটিতে কন্ঠ দিবো। ঢাকা ছেড়ে যাওয়ার কারণ কি? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিক্রমপুরে আমি শান্তি খুজে পাই। এখানেই এখন থেকে নিয়মিত থাকবো। এখানে আমার খামার আছে। এগুলো দেখাশোনা করছি। সময়টা ভালো কাটবে আশা করছি। গেলো বছর কেমন কাটলো? নতুন বছল নিয়েই প্রত্যাশাটা কি? প্রশ্নের জবাবে তিনি বলেন, গেল বছর সারা বিশ্বের মানুষের জন্য দূর্ভাগ্যের। কিন্তু বাংলাদেশের শিল্পীদের জন্য বেশি দূর্ভাগ্যের এটি। করোনায় সংগীতের অনেকে পেশা বদলে ফেলেছেন। এমনটি কেউ ভাবেনি পেশা বদলাতে হবে। নতুন বছরটিও শিল্পীদের জন্য কেমন যাবে বলা যাচ্ছে না। খুব সতর্কতার সঙ্গে আমাদের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করতে হবে। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য কী বলবেন? তিনি বলেন, নতুনদের সময় এখন। নতুনরা সব সময় এগিয়ে থাকে। আমি নতুনদের স্বাগত জানাই। কিন্তু এখন নতুনদের অনেকে তাড়াতাড়ি সব কিছু পেতে চায়। সহজে কিছু পেলে সেটি কিন্তু থাকে না। তাই যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে। মানবজমিন




