slider

গাজীপুর সিটি নির্বাচন : ভোটগ্রহণ শুরু

পতাকা ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। আয়তনে দেশের বৃহত্তর এ সিটি করপোরেশনের এবারের নির্বাচন নিয়ে নানা মহলে রয়েছে নানা জল্পনা-কল্পনা। দেশ-বিদেশের সবার নজর গাসিকের আজকের সাধারণ নির্বাচনের দিকে। নির্বাচনে বেশির ভাগ প্রার্থীসহ বিভিন্ন মহল নানা শঙ্কা প্রকাশ করলেও ইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সবাই আস্থায় আনতে গাজীপুরে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের চ্যালেঞ্জ গ্রহণ করেছে।

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশ না নিলেও শুধু এ নগরবাসী নয়, এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সফল করার লক্ষ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন ও আনসার-ভিডিপি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণের জন্য বুধবার সকাল থেকে নির্বাচনী এলাকার ৪৮০টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিনসহ ৪৬ আইটেমের সামগ্রী বুঝিয়ে দিয়েছে কমিশন। এবারের নির্বাচনে আট মেয়র প্রার্থীসহ ৩৩৩ জন কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) প্রার্থী সরাসরি ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। গত মঙ্গলবার ছিল নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন। ওই দিন মধ্যরাত থেকে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হয়েছে। এখন অপেক্ষা শুধু ভোট প্রদান ও ভোট গ্রহণের। প্রায় ৪০ লাখ নগরবাসীর সেবা করার জন্য কারা হচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধি, এটাই নির্ধারণ হবে বৃহস্পতিবারের এ নির্বাচনে।

জানা গেছে, সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। এ নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী। সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্র ও ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। গাজীপুর সিটির ধীরাশ্রম জিকে হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২০টি কেন্দ্রের, চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড স্কুল থেকে ১১৫টি কেন্দ্রের, দারুস সালাম মাদরাসা থেকে ৫৮টি কেন্দ্রের, আজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৮টি কেন্দ্রের ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১১৯ কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ইভিএম, বুথ কক্ষ নির্মাণের জন্য কাপড়, টিস্যু পেপার, অমোছনীয় কালি, হ্যান্ড সেনিটাইজার, ভোটার তালিকা, ভ্যাসলিন, মখমলের কাপড়, স্ক্রু ড্রাইভার, মাল্টিপ্ল্যাগসহ ৪৬ ধরনের সামগ্রী বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button