গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব, সদস্য সচিব শওকত

গাজীপুর মহানগরের নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। মো: সোহরাব উদ্দিনকে আহ্বায়ক, শওকত হোসেন সরকারকে সদস্য সচিব এবং এম মঞ্জুরুল করিম রনিকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো: সোহরাব উদ্দিন সদ্যবিলুপ্ত গাজীপুর মহানগর কমিটির সদস্য সচিব ছিলেন। এর আগে মহানগরের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। আর শওকত হোসেন সরকার ছিলেন প্রথম যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া এম মঞ্জুরুল করিম রনি হলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে। তিনি আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এদিকে যোগ্য ও ত্যাগীদের দিয়ে কমিটি করায় গাজীপুর মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
তারা জানান, দীর্ঘদিন পর যোগ্যদের দিয়ে কমিটি করায় মহানগর বিএনপিতে গতিশীলতা ফিরে আসবে। ত্যাগীদের কমিটিতে জায়গা দেয়ায় দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
কমিটির সদস্য সচিব শওকত হোসেন সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের ওপর যে গুরুদায়িত্ব দেয়া হয়েছে তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। গাজীপুর বিএনপিকে যেকোনো মহানগরের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করাই হবে আমাদের চ্যালেঞ্জ। যোগ্য ও ত্যাগীদের দিয়ে কমিটি করায় হাইকমান্ডকে ধন্যবাদ।’




