
গাজীপুরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়েছে। এই ল্যাবে নমুনা দেয়ার ২৪ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল। রোববার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়।
জানা যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, ল্যাবে প্রতিদিন দুই শিফটে দুই শত নমুনা পরীক্ষা করা যাবে। নমুনা পরীক্ষার ফল ২৪ ঘন্টার মধ্যে জানিয়ে দেয়া হবে। এছাড়াও নমুনা দেয়া বা নমুনা পরীক্ষার জন্য কোনো টাকা দিতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান, সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, মেডিকেল কলেজের অধ্যক্ষ আসাদ হোসেন, সহযোগী অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার, ডা. মনিরুজ্জামান, ডা. প্রণয় ভূষণ দাস প্রমুখ।




