
আসাদুল্লাহ মাসুম, গাজীপুর: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোকেয়া বেগম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের সূচনায় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান উপাচার্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন বেগম রোকেয়া হলের প্রভোস্ট ড. সোহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নতুন ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, বেগম রোকেয়া হলের সহকারী প্রভোস্ট মুন্নী আক্তার‘, হাউজ টিউটর ফাতিমা জান্নাত ইশা এবং হলের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।
উপাচার্য বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর কৃষি নেতৃত্ব গড়ে তুলবে। শুধু একাডেমিক উৎকর্ষ নয়, সহশিক্ষা ও সংস্কৃতি চর্চাও একটি পরিপূর্ণ শিক্ষাজীবনের অপরিহার্য অংশ। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় এটি সম্ভাবনার দ্বার উন্মোচন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, সুসংস্কৃত ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক।” ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ বলেন, “এই ধরনের সৃজনশীল ও প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, সহানুভূতি ও সম্মিলিত চেতনার বিকাশ ঘটায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন উদ্যোগে উৎসাহ প্রদান করবে।” হল প্রভোস্ট ড. সোহানা পারভীন বলেন “বেগম রোকেয়া হল শুধু আবাসন নয়, এটি একটি পরিবার। এখানে প্রতিটি শিক্ষার্থীকে মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমরা কাজ করছি। নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছি।” পরে অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন হল প্রভোস্ট ড. সোহানা পারভীন । পুরস্কার বিতরণী শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় উঠে আসে দেশপ্রেম, মানবতা ও জীবনের রঙিন অনুভব। সঙ্গীত ও কবিতা আবৃত্তিতে এক অনন্য আবহে পরিণত হয় প্রাঙ্গন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের প্রাণবন্ত ফটোসেশনে ধরা পড়ে এক স্মরণীয় মিলনমেলা।




