গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ সাংবাদিকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ সাংবাদিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা মীরবাজার-সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
৮২ বছর বয়সী ওই সাংবাদিকের নাম আজিম উদ্দিন মাস্টার।
তিনি গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি, তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গফরগাঁও আঞ্চলিক শাখার সভাপতি ও দৈনিক খবর পত্রিকায় গফরগাঁও উপজেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আজিম উদ্দিন মাস্টার মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পাড় হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ অভিমুখী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



