খ্যাতনামা সাংবাদিক ল্যারি কিং করোনায় আক্রান্ত, হাসপাতালে আইসোলেশনে

খ্যাতনামা সাংবাদিক ল্যারি কিং করোনা ভাইরাসে আক্রান্ত। বর্তমানে তাকে লস অ্যানজেলেসে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো এবং তার সাবেক কর্মস্থল সিএনএন জানিয়েছে, এক সপ্তাহের ওপরে তিনি সেডারস-সিনাই মেডিকেল সেন্টারে অবস্থান করছেন। ল্যারি কিংয়ের ক্যারিয়ার ৬০ বছরের ওপরে। এ সময়ে তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে দু’বার পি-বডি এওয়ার্ড এবং একবার এমি পুরষ্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি হার্ট অ্যাটাক সহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এখন তার বয়স ৮৭ বছর।
হাসপাতালে তার অবস্থা কি এ বিষয়ে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেন নি। ফলে নিশ্চিত করে বলা যাচ্ছে না তার অবস্থা কি রকম। একটি সূত্র বলেছেন, কয়েক বছর অনেক বেশি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ল্যারি কিং। এ সময়ে তিনি কঠিনভাবে করোনার মোকাবিলা করছেন। বিনোদনমূলক খবরের সাইট শোবিজ ৪১১ প্রথম ১লা জানুয়ারি তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার খবর প্রকাশ করে। এতে বলা হয়, ল্যারি কিংকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার সঙ্গে সাক্ষাত করতে পারছেন না পরিবারের সদস্যরা। উল্লেখ্য, ১৯৭০এর দশকে দ্য ল্যারি কিং শো’র নামে রেডিও প্রোগ্রামের মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছেন। এরপর তিনি ১৯৮৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সিএনএনে ল্যারি কিং লাইভ অনুষ্ঠান করেন।




