আরো একবার জাপানিরা প্রমাণ করলো কেন তারা অনেক কিছুতে বিশ্বের অনেকে দেশের চেয়ে সেরা। রাশিয়া বিশ্বকাপের স্টেডিয়ামে জাপানি দর্শকরা রাখলো সেই শৃঙ্খলা আর পরিচ্ছন্নতার স্বাক্ষর। মঙ্গলবার কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে গ্যালারির আসনগুলোতে যখন উচ্ছিষ্ট খাবার, গ্লাস, কাপ, বোতল, প্লাস্টিক ও কাগজের ঠোঙ্গা বা প্যাকেট ইত্যাদি আবর্জনা পড়ে ছিলে, গ্যালারি ছেড়ে বের হওয়ার আগে তারা নিজেরাই সেগুলো পরিষ্কার করতে শুরু করে।
সাধারণত দর্শকরা বেড়িয়ে যাওযার পর স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করার কাজ করে, কিন্তু জাপানি দর্শকরা সেই অপেক্ষায় না থেকে নিজেদের দায়িত্বেই করলো কাজটি। এ ঘটনা অবাক করেছে টিভির পর্দায় খেলা দেখা কোটি দর্শককে। অবশ্য জাপানি ফুটবল দর্শকদের এমন কাজ নতুন নয়। তারা আগেও এমন কাজ করেছে।
গতকাল মঙ্গলবার রাতেও জাপান সমর্থকদের আনন্দ উল্লাস করার কারণ ছিল যেহেতু তারা ২-১ গোলে জিতেছে। দক্ষিণ আমেরিকার কোন দলের বিরুদ্ধে এটাই জাপানের প্রথম জয়। কিন্তু খেলার মাঠে কলম্বিয়াকে ধরাশায়ী করার পর জাপানের সমর্থকরা গ্যালারিতে আনন্দ উল্লাসেই মেতে থাকেনি, বরং তারা গ্যালারি পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যান। স্টেডিয়ামের ভেতরে দর্শকদের সারিতে ও আসনে যেসব আবর্জনা ছিল সেগুলো তারা নিজেরাই পরিষ্কার করতে শুরু করে।
এসময় তাদের হাতে ছিল ময়লা কুড়িয়ে নেওয়ার নীল রঙের বড় বড় ব্যাগ। খেলা শেষ হওয়ার পর তারা ঘুরে ঘুরে ময়লা আবর্জনা এসব ব্যাগে ভরে স্টেডিয়াম পরিষ্কার করতে থাকেন। তাদের বক্তব্য, ‘স্টেডিয়ামটিকে যে অবস্থায় পেয়েছি, এটিক সেরকমই রেখে যেতে চাই।’
জাপান থেকে বিশ্বকাপ কাভার করতে আসা ক্রীড়া সাংবাদিক স্কট ম্যাকিনটার বলেন, ‘এটি তো শুধু ফুটবল সংস্কৃতির অংশ নয়, এটা জাপানি সংস্কৃতিরই অংশ’। আবর্জনা পরিষ্কারের অভিযান দেখে তিনি মোটেও বিস্মিত হননি। এই সাংবাদিক বলেন, ‘অনেকেই বলেন যে ফুটবল হচ্ছে সংস্কৃতির প্রতিচ্ছবি। ফুটবল দেখে বোঝা যায় কার সংস্কৃতি কেমন। জাপানি সমাজের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে- সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটা নিশ্চিত করা। সব ধরনের খেলাধুলাতেই দর্শকরা একই আচরণ করে থাকে। ফুটবলেও একই রকম’।
এবারের বিশ্বকাপে অবশ্য মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে সেনেগালের সমর্থকদেরকেও স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গেছে। সাংবাদিক স্কট ম্যাকিনটার জানান, পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভ্যাস জাপানিদের মধ্যে শৈশব থেকেই গড়ে ওঠে। তিনি বলেন, ‘জাপানের ছোট ছোট শিক্ষার্থীরাই তাদের স্কুলে ময়লা পরিষ্কার করে থাকে। শিশু বয়স থেকে বারবার এই কাজটির উপর জোর দেওয়ার কারণে এটি বেশিরভাগ লোকেরই আচরণের ভেতরে ঢুকে যায়।’ দ্য সান।




