খেলাফত মজলিসের আমির মাওলানা যুবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রিয় আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সাবেক মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস মহানগর শাখার ইফতার মাহফিলে তার হার্ট অ্যাটাক হয়। তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, মাগরিবের আজানের পর যখন ইফতার শুরু হয় তখনই হেলে নিচের দিকে পড়ে যান যুবায়ের আহমদ। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান মারা গেছেন।
কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তার জানাজা-দাফন সংশ্লিষ্ট বিষয় এখনো নির্দিষ্ট হয়নি।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, শুত্রবার নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিল হয়। সেখানে সব নেতা ছিলেন। সংগঠনের আমির প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মোনাজাত করেন ডিআইটি মসজিদের খতিব আব্দুল আওয়াল। এরপর আজান হয়, আমির সাহেব ইফতারের এক লোকমা মুখে দেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহরের ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়।
ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার শাওন শাহরিয়ার জানান, হাসপাতালে আনার আগেই ওনার মৃত্যু হয়েছে। মাওলানা যুবায়ের আহমদ চৌধুরীর লাশ তার সংগঠনের লোকজন অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন।




