খেলতে পারছেন না মোস্তাফিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে কিম্বার্লিতে মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খেয়েছে টাইগাররা। অনুশীলনে পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে খেলবেন না টাইগারদের বোলিং আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান।
পারবে টাইগাররা?
দক্ষিণ আফ্রিকায় এখনও নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। টেস্টের পর এক দিনের প্রস্তুতি ম্যাচেও একই হাল। জয়ের দেখা এখনো পায়নি মুশফিক-মাশরাফিরা। আগামীকাল রোববার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে কি জ্বলে উঠতে পারবে তারা? বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
কালকের ম্যাচে বাংলাদেশের ভরসা চার অভিজ্ঞ চারজন- মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ওপর। এছাড়া আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বিশ্রামের জন্য টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডের এক মাত্র প্রস্তুতি ম্যাচটি শক্ত হাতে মোকবেলা করেছেন সাকিব। করেছেন অধর্শত। দলের ব্যর্থতার দিন উজ্জ্বল ছিলেন তিনি। এবার তার লক্ষ্য ওয়ানডে সিরিজে ভালো করা। বলেন, ‘মূল ম্যাচে কে কেমন করে, সেটাই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে কেউ এক শ’ করে মূল ম্যাচে যদি রান না করে, সেটা কাজে আসবে না।’
টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ছিল নড়বড়ে। ওয়ানডে সিরিজে ভালো করতে হলে ব্যাটসম্যানদের দায়িত্বের শেষ নেই। সাকিবের মতে, সেক্ষেত্রে টপ অর্ডারকে খেলতে হবে ভালো।
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘ওপরের দিকে তিন-চারজন যদি ভালো করে, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যায়। আমাদের ওপরের ব্যাটসম্যানরা যত ভালো করবে, পরের ব্যাটসম্যানদের জন্য তত সহজ হবে।’
সব ব্যর্থতা ভুলে জেতার জন্যই ওয়ানডে সিরিজ খেলবে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমরা জেতার জন্যই খেলব। আমাদের চেষ্টা থাকবে মৌলিক কাজগুলো ঠিকভাবে করার। ভালো ব্যাটিং করা, শুরুটা ভালো করা। বোলিং ভালো করা। ভালো জায়গায় বেশি বোলিং করা। এই মৌলিক কাজগুলো যদি ভালোভাবে করতে পারি, আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে।’
এদিকে ওয়ানডে সিরিজে অনন্য এক রেকর্ডের সামনে সাকিব আল হাসান। ব্যাট হাতে আর মাত্র ১৭ রান করলেই পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। ফলে বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে পাঁচ হাজার রান ও ২০০ উইকেট শিকারের মালিক হবেন তিনি। তবে অন্য চারজনের চেয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে অলরাউন্ডার হিসেবে পাঁচ হাজার রান ও ২০০ উইকেট শিকার করবেন সাকিব। ওয়ানডেতে সাকিবের ক্যারিয়ার হলো ১৭৭ ম্যাচে ৪,৯৮৩ রান ও ২২৪ উইকেট। ২০০ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি। এবার পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লিতে ১৫ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে। তিন ম্যাচের এ সিরিজে ১৭ রান করলেই পাঁচ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন তিনি। এর আগে পাঁচ হাজার রান করেছেন ওপেনার তামিম ইকবাল। তবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের সাথে সাথে রেকর্ডের পাতায় সর্বাগ্রে নাম লেখাবেন সাকিব।
এতে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া এবং পাকিস্তানের শহিদ আফ্রিদি ও আবদুর রাজ্জাকের পাশে বসবেন সাকিব। তবে এই চারজনের চেয়ে কম ম্যাচ খেলে সর্বাগ্রে থাকবেন বাংলাদেশের এ ক্রিকেটার। ক্যালিস ১৯৭তম ম্যাচে পাঁচ হাজার ও ২০০ উইকেট শিকারের মালিক ছিলেন। এ রেকর্ড স্পর্শ করতে জয়সুরিয়ার লেগেছিল ২০৪ ম্যাচ। পাকিস্তানের আফ্রিদি ও রাজ্জাকের লেগেছিল আরো বেশি ম্যাচ। আফ্রিদি ২৩৯ ও রাজ্জাক ২৫৮তম ম্যাচে পাঁচ হাজার ও ২০০ উইকেট শিকারের মালিক হয়েছিলেন। শেষ পর্যন্ত সবার ওপরে থেকেই ক্যারিয়ার শেষ করেছেন জয়সুরিয়া।
এদিকে টেস্টে জিতলেও বাংলাদেশকে সহজভাব নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। দলের তারকা খেলোয়াড় ইমরান তাহির বলেন, ‘বাংলাদেশ মোটেও সহজ কোনো টিম নয়। তারা যে শক্তিশালী দল তার প্রমাণ গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিয়ে এসেছে। যে দলটি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে, তাদের দুর্বল ভাবার মোটেও সুযোগ নেই।’
বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে প্রোটিয়া এ তারকা ক্রিকেটার আরো বলেন, ‘অবশ্যই আমরা তাদের বিপক্ষে জিততে চাই, আমাদের মতো করে খেলে। কিন্তু এটি মোটেও সহজ কাজ নয়। আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে।’
এটাও ঠিক টেস্ট ম্যাচের সিরিজটি যেভাবে সহজে জিতেছে প্রোটিয়া, ওয়ানডে যে তেমন সহজ হবে না তা তাদের জানা। তা ছাড়া দুই দলের মধ্যে সর্বশেষ সিরিজেও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল ২-১-এ। বাংলাদেশে হয়েছিল সে সিরিজ। ফলে সব দিক বিবেচনা করেই দক্ষিণ আফ্রিকা কিছুটা হলেও টেনশনে। নয়া দিগন্ত




