মহানগরশিরোনাম

খুলনার ৪ হাসপাতালে চালু হচ্ছে করোনা ইউনিট

খুলনায় চারটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। এসব হাসপাতালে ৫০ শয‌্যার করোনা ইউনিট চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, খুলনা সিটি করপোরেশন পরিচালিত দুটি হাসপাতালেও করোনা ইউনিট চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
রোববার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গঠিত খুলনা জেলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ৫০টি করে শয্যায় করোনা রোগীদের চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে। আগামি তিন দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিচিৎসাসেবা চালু করা হবে। পাশাপাশি খুলনা জেনারেল (সদর) হাসপাতালের চতুর্থ তলায় ৪২টি শয্যা অতি দ্রুত প্রস্তুত করতে সিভিল সার্জন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। খুলনা সিটি করপোরেশনের আওতায় খালিশপুরের লাল হাসপাতাল এবং তালতলা হাসপাতাল করোনা রোগীর চিকিৎসায় ব্যবহার করা যায় কি না তার সম্ভাব্যতা যাচাই করা হবে।
খুলনায় করোনা শনাক্তে আরও একটি পিসিআর ল্যাব এবং কোভিড হাসপাতালে দ্রুত হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপনে পদক্ষেপ নেওয়া হবে। উপযুক্ত জায়গা পেলে খুলনার রোটারি ক্লাব করোনা চিকিৎসায় জন্য ১০০টি শয্যার যাবতীয় চিকৎসা সরঞ্জাম দিতে প্রস্তুত আছে বলে সভায় জানানো হয়।
সভায় বলা হয়, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষার রিপোর্ট (নেগেটিভ ও পজিটিভ উভয় ক্ষেত্রে) অতি দ্রুত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানোর ব্যবস্থা করবে সিভিল সার্জনের কার্যালয়।
সভায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সরকারি হাসপাতালে ধারণক্ষমতা সীমিত। এ কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালের একটি অংশে করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।’
সভায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার জুম অ্যাপের মাধ্যমে সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসালম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button