আইন আদালত

খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড চাইল দুদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের সারমর্ম উপস্থাপন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী।
মোশাররফ হোসেন কাজল আজ মঙ্গলবার দুপুরে এ মামলার প্রথম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক তুলে ধরে বক্তব্য দেন। এ সময় তিনি ৩২ জন আসামির সাক্ষ্য গ্রহণের বিষয় এবং মামলার সারমর্ম তুলে ধরেন আদালতে।
পরে চার আসামির অন্যতম মনিরুল ইসলামের আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন। তিনি বলেন, প্রসিকিউশেনের দাবি সম্পূর্ণ মিথ্যা। কোনো অবৈধ উৎস থেকে অর্থ সংগ্রহের কথা কোনো সাক্ষী বলেননি। এটি রাজনৈতিক প্রসহনমূলক মামলা। হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে, পাচার হচ্ছে, সেখানে দেশের এক শীর্ষ রাজনীতিবিদকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে পৌঁছান খালেদা জিয়া।
রাজধানীর বকশিবাজারস্থ ঢাকা আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ম বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ শুরু হয়। আজ প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে আছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আব্দুর রেজাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
খালেদার সাথে আদালতে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।
এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান যুক্তি উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
এ মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটি এর সাবেক নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
অপরদিকে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button