রাজনীতিশিরোনাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তিনি বলেন, আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। এ দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় ও ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এছাড়া খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেটে, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ ও ২৭ সেপ্টেম্বর রাজশাহীতে সমাবেশ করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। রংপুরেও সমাবেশ করা হবে তবে তার তারিখ ঠিক করা হয়নি।
রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু , ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপি নেতা মীর সরফত আলী সপু, আবুল কালাম আজাদ, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত পাঁচ মাস যাবত বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল ওই হাসপাতালের ভিসিসহ মেডিকেল বোর্ড বলেছে, তিনি এখন সুস্থ আছেন। তাদের এ বক্তব্য তাকে পুনরায় কারাগারে নেওয়ার ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ।
তিনি বলেন, আমরা জানি তার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে এসে বলেছেন, তিনি অত্যন্ত অসুস্থ। একা চলতে পারেন না। তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে আক্রান্ত। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি। তাকে তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার জন্য দাবি করছি। অন্যথায় তার শারীরিক যেকোনো অবনতির জন্য বর্তমান সরকার দায়ী থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button