বিনোদন

‘খান’ বাদ, লকেটে এএম মানে অর্জুন-মালাইকা!

বলিউডজুড়ে যেন প্রেমের মৌসুম। ভক্তরা আজ থেকে আর বিস্মিত হবেন না, যদি কোনো যুগল ধীরে ধীরে পাদপ্রদীপের আলোয় আসেন। সোনম কাপুর-আনন্দ আহুজা, নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের পর আরেক যুগল আনুষ্ঠানিকভাবে প্রেমের ঘোষণা দিলেন। আর সেই জুটি হলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর।
কয়েক বছর ধরেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন চলছে। গত বছর আরবাজ খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের পর অর্জুনকে প্রকাশ্যে আনেন মালাইকা।
১৯৯৮ সালে সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা অরোরা। বিয়ের ১৯ বছর পর গত বছর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
সেই গুঞ্জন আরো গতি পায় কয়েক দিন আগে। নির্মাতা করণ জোহর সঞ্চালিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ যখন অর্জুন কাপুর বলেন, তিনি বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তিনি আর মোটেও একা নন।
গেল দীপাবলি পার্টিতে অর্জুন-মালাইকাকে একসঙ্গে দেখা গেছে। বেশ কয়েকবার দুজন একসঙ্গে ডিনার পার্টিতে গেছেন। অর্জুনের বাড়ির সামনেও দেখা গেছে মালাইকাকে। মালাইকার ৪৫তম জন্মদিনে ইতালির মিলান বিমানবন্দরে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় ৩৩ বছর বয়সী অর্জুনের সঙ্গে। সেই সুবাদে বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়েছে।
যা হোক, অর্জুনের বিয়ের ইচ্ছে প্রকাশের পর সবাই অপেক্ষায় ছিলেন কখন আনুষ্ঠানিক ঘোষণা আসবে মালাইকার কাছ থেকে। এর মধ্যেই খবর বেরিয়েছে, মুম্বাইয়ে অর্জুন ও মালাইকা একটি বাড়িও কিনেছেন। সে বাড়ির ইন্টেরিয়র ডিজাইনও শেষ। বিভিন্ন সূত্র বলাবলি করছে, নতুন বছরেই সাতপাকে বাঁধা পড়বেন এ যুগল। সেই বলাবলি আর থাকল না। মালাইকা এবার নিজেই আনুষ্ঠানিকভাবে অর্জুনের সঙ্গে তাঁর প্রেমের কথা জানালেন।
আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এত দিন সাবেক স্বামীর ‘খান’ পদবি ছিল মালাইকার। এবার এই মডেল-অভিনেত্রী তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খান শব্দটি বাদ দিয়েছেন। শুধু কি তাই? ‘ছাইয়া ছাইয়া’ কন্যা তাঁর গলায় যে লকেটটি পরেছেন, তাতে লেখা ‘এএম’। অর্থাৎ অর্জুন-মালাইকা!
দীর্ঘদিন ধরে অর্জুনের সঙ্গে তাঁর প্রেমের ব্যাপারটি নিয়ে লুকোচুরি করলেও এবার মনে হচ্ছে, তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। আর এতে ভক্তরা উচ্ছ্বসিত। তাহলে কি বিয়ের ক্লাবে শিগগিরই যোগ দিচ্ছেন ‘গুন্ডে’ অভিনেতা অর্জুন কাপুর আর ইন্ডিয়া’স গট ট্যালেন্ট বিচারক মালাইকা অরোরা? সূত্র : ফিল্মফেয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button