খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
নিহত ওই ফায়ার সার্ভিস কর্মীর নাম রাসেল হোসেন (২১)। তাঁর বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে।
জানা যায়, গতকাল সারাদেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ উপড়ে পড়ে। রাত ১০টার সময় সংবাদ পেয়ে গাছ অপসারণ করতে ঘটনাস্থলে যায় খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা। গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদ্যুৎ চলে আসায় ফায়ারফাইটার মোঃ রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল হোসেন (২১) মৃত্যুবরণ করেন।
রাসেল ২০২৩ সালে একজন ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।




