কয়েক মাস গুহায় থাকতে হতে পারে থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলারদের

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের থাম লুয়াং নাং নন গুহায় আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে কয়েক মাস লেগে যেতে পারে আশঙ্কা করছে দেশটির সেনাবাহিনী।
এর জন্য বন্যার মৌসুম শেষ হয়ে পানি নামার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের এক কর্মকর্তা। আর এর আগে বের হতে চাইলে আটকে পড়াদের ডুবসাঁতার শিখতে হবে।
গত ২৩ জুন দুপুরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ফুটবল প্র্যাকটিস শেষে ১২ কিশোরের দলটিকে নিয়ে ঘুরে দেখার জন্য চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার লুয়াং নাং নন গুহায় ঢুকেছিলেন তাদের ২৫ বছর বয়সী কোচ।
তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
প্রচুর বৃষ্টির কারণে গুহার ভেতর পানি জমে বন্যা হয়ে গেলে গুহায় আটকে পড়েছিল দলটি। দফায় দফায় উদ্ধার চেষ্টার পরও তাদের কোনো চিহ্ন না পেয়ে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছিল।
এর মাঝে চারপাশ থেকে পানি কমিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে উদ্ধারকারী দল। টানা ৯ দিন ধরে পাগলের মতো উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে তাদের খুঁজে পায় থাই নেভি সিলের বিশেষ প্রশিক্ষণ পাওয়া ডুবুরিরা।
সোমবার স্থানীয় সময় রাতে গুহার ভেতর ছোট একটি উঁচু জায়গায় ১৩ জনকে খুঁজে পায় উদ্ধারকারী দল। ওই জায়গাটাই শুধু শুকনো ছিল।
খুঁজে পাওয়ার পর উদ্ধারকারীরা জানায়, ফুটবলার দল ও তাদের কোচ খুবই ক্ষুধার্ত ছিল। ছেলেগুলো ডুবুরিদের জিজ্ঞেস করছিল কয়দিন ধরে তারা গুহায় আটকা পড়ে আছে।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং রাই এলাকায় বন্যা সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়। অন্যদিকে বিকল্প পথ প্রায় কালিগোলা অন্ধকার ও কর্দমাক্ত হওয়ায় তাদের উদ্ধারে পানি কমা পর্যন্ত অপেক্ষার বিকল্প নেই জানিয়েছে অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তারা।
এর আগে আটকে পড়াদের বের করতে হলে তাদের ডুবসাঁতার শিখতে হবে। তারপরও অনভিজ্ঞ সাঁতারুদের বিকল্প পথে আসাটা বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
তাই গুহার ভেতর বাড়তে থাকা পানির সঙ্গে যুদ্ধ করে ওই ১৩ জনের কাছে অন্তত চার মাসের খাবার পৌঁছানোর চেষ্টা করছে সেনাবাহিনী।
আটকে পড়া কিশোর ও তাদের কোচের সুস্থতা এবং উদ্ধারের প্রত্যাশায় প্রার্থনা করেছে তাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।




