
দেশের উন্নয়নে কেউ বাধা দিতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের এগিয়ে যাওয়া আর কেউ থামাতে পারবে না। আগামী ইলেকশনে কী হবে তা বলতে পারি না। তবে আমরা যে একটা সিস্টেম করে রেখেছি, এরপর যেই ক্ষমতায় আসুক না কেন কেউ দেশের উন্নয়নে বাধা দিতে পারবে না।’
রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অ্যাম্বাসেডর এবং দূতাবাসে যারা কর্মরত আছেন তাদেরকে কল করেছিলাম। ঢাকায় তাদেরকে ব্রিফ করা হয়েছে যে, কোন দেশে কোন কোন পণ্য প্রয়োজন কোন দেশে কোন কোন পণ্য ঘাটতি রয়েছে সে হিসেবে বাংলাদেশ সে পণ্য তৈরি করে সে দেশে বাজারজাত করণের ব্যবস্থা করতে হবে। অামাদের নতুন নতুন বাজার খুজতে হবে। এজন্য কূটনৈতিকদেরও কাজ করতে হবে। কারণ এখন আর শুধু রাজনৈতিক কূটনীতি চলে না এখন তার সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক কূটনীতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল মহিউদ্দিন ইসলাম।
অনুষ্ঠানে ৫৬টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। রফতানি খাতে অনন্য অবদান রাখার কারণে তাদের এই পদক প্রদান করা হয়।




