ক্যামেরায় ধরা পড়লো বিরল সাদা পান্ডা
দক্ষিণ-পশ্চিম চীনের সংরক্ষিত একটি বনে বিরল প্রজাতির একদম সাদা একটি অ্যালবিনো পান্ডার খোঁজ পাওয়া গেছে। ক্যামেরায় ওই পান্ডাটির ছবি তোলা হয়েছে।
শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে বলা হয়, মধ্য এপ্রিলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের ওলং ন্যাশনাল নেচার রিজার্ভ বনে ট্রেকিং করার সময় লাল চোখের একদম ধবধবে সাদা ওই পান্ডাটির ছবি তোলা হয়। এই ছবি প্রমাণ করে ওই অঞ্চলের বন্য পান্ডাদের মধ্যেও অ্যালবিনিজমের (জিনগত কারণে একদম সাদা রঙ হওয়া) অস্তিত্ব থাকতে পারে।
এদিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক লি শেং জানান, অ্যালবিনো এই পান্ডাটি এক থেকে তিন বছর বয়সি হতে পারে।
উল্লেখ্য, বিশ্বের বন্য পান্ডাদের শতকরা ৮০ ভাগের বেশি সিচুয়ান প্রদেশে অবস্থান করে। অবশিষ্ট পান্ডা চীনের শানসি এবং গানসু প্রদেশে বাস করে। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন চিড়িয়াখানায় ৫৪৮টির মত জায়ান্ট পান্ডা বন্দী জীবনযাপন করছে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের হিসাব অনুযায়ী, বর্তমানে চীনের বিভিন্ন বনে ২ হাজারেরও কম বন্য পান্ডা বাস করছে। অসম্ভব সুন্দর এই প্রাণীটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
পান্ডা কেবল চীনেই পাওয়া যায়। ফলে কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাইলে চীনারা ‘পান্ডা ডিপ্লোমেসি’ বা পান্ডা কূটনীতির আশ্রয় নেয়। এক্ষেত্রে তারা ওই দেশে সৌজন্যের প্রতীক হিসেবে পান্ডা পাঠিয়ে থাকে।




