কোহলির ডাবল সেঞ্চুরি: বড় সংগ্রহ ভারতের

বিরাট কোহলির ডাবল সেঞ্চুরিতে এন্টিগায় বিশাল সংগ্রহের দিকে চলছে সফরকারী ভারত। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কোহলি।
এর আগে এই মাস্টার ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৬৯। ২০১৪ সালের বক্সিংডে টেস্টে অস্ট্রেলিয়ার এমসিজি ক্রিকেট গ্রাউন্ডে খেলেছিলেন সেই ইনিংস। আজ দুশো রানের মাইল ফলকে পা রাখতে কোহলি খেলেছেন ২৮১টি বল। মেরেছেন ২৪টি বাউন্ডারি। ভারতীয় কোন অধিনায়কের জন্য বিদেশের মাটিতে এটি প্রথম ডাবল সেঞ্চুরি।
আগের দিন ৪ উইকেটে ৩০২ রান সংগ্রহ করা ভারত আজ দিনের শুরু থেকেই দলীয় সংগ্রহ বাড়িয়ে নিতে শুরু করে। কোহলির সাথে ক্রিজে আছেন অফ স্পিনার রবিচন্দন অশ্বিন। অশ্বিনও পেয়েছেন হাফ সেঞ্চুরি(৬৪*). এই জুটির সংগ্রহ এখন পর্যন্ত ১৬৮ রান। অন্যদের মধ্যে ওপেনার শেখর ধাওয়ান ৮৪ রান করে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লেগ স্পিনার দেবেন্দ্র বিষু ৩ উইকেট নিয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারতীয় দলের সংগ্রহ ৪ উইকেটে ৪০৪. বাংলাদেশ সময় রাত ৮ টায় খেলা শুরু হয় প্রতিদিন।




