খেলা

কোস্টারিকাকে উড়িয়ে দিল স্পেন

ডেভিড সিলভার দুই গোলে মালাগার মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এর মাধ্যমে কোচ জুলেন লোপেতেগুইয়ের অধীনে স্পেনের দুর্দান্ত ফর্ম আরো একবার প্রমাণিত হলো।
একপেশে ম্যাচটিতে অপর গোলগুলো করেছেন আন্দ্রেস ইনিয়েস্তা, জর্ডি আলবা ও আলভারো মোরাতা। ম্যাচের একমাত্র নেতিবাচক দিক হলো স্থানীয় নায়ক ইসকোকে ইনজুরিতে পড়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয়। কোস্টা রিকান ডিফেন্ডার কেনডাল ওয়াসটনের একটি ট্যাকেলে আঘাত পেয়ে ইসকো মাঠ ছাড়তে বাধ্য হন। এজন্য অবশ্য ওয়াসটনকে হলুদ কার্ড দেখতে হয়েছে। রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার মাদ্রিদে যাবার আগে দুই মৌসুম মালাগার স্থানীয় ক্লাব লা রোসালেডায় কাটিয়েছেন। মাঠ থেকে বেরিয়া যাবার সময় নিজেদের তারকাকে তাই দাঁড়িয়ে সম্মান জানাতে ভুল করেননি স্থানীয় সমর্থকরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে বিশ্রামে রেখে মূল একাদশে এই প্রথমবারের মত এ্যাথলেটিকো বিলবাও গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে নামিয়েছিলেন লোপেতেগুই। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদেরে শ্রেষ্ঠত্ব ধরে রাখার দলটিরও ওপরই আস্থা রেখেছেলিন স্প্যানিশ বস।
পুরো ম্যাচে সিলভা, ইসকো ও ইনিয়েস্তা যাদুতে মুগ্ধ ছিল স্থানীয় সমর্থকরা। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সিলভার ৬ মিনিটের পাসে সাবেক ভ্যালেন্সিয়া সতীর্থ আলবা কোস্টার রিকার অস্থায়ী গোলক্ষক ড্যানি কারভাজালকে পরাস্ত করলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। রিয়াল মাদ্রিদের ইনজুরি আক্রান্ত গোলরক্ষক কেইলর নাভাসের স্থানে কাল মাঠে নেমেছিলেন কারভাজাল। কিন্তু কালকের রাতটা হয়ত খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবেন ২৮ বছর বয়সী এই গোলরক্ষক। ২৩ মিনিটে সিলভার শট ধরতে ব্যর্থ হন কারভাজাল। কিন্তু ফিরতি বলে মোরাতা ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৫ মিনিটে পরপর দুই গোল করে সিলভা নিজের জাত চিনিয়েছেন। ৭৩ মিনিটে ইনিয়েস্তা শেষ গোলটি করলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী মঙ্গলবার আরেক প্রীতি ম্যাচ খেলতে বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া সফরে যাবে স্পেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button