খেলা
কোপা আমেরিকা ফুটবল আসর শুরু হচ্ছে শনিবার

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে আরেকটি কোপা আমেরিকা ফুটবলের আসর। শৈল্পিক ফুটবলের জন্মস্থান ল্যাটিন আমেরিকান দেশগুলোকে নিয়ে এই আসর শুরু হচ্ছে শনিবার। এক বছরের মাথায় আরো একবার ল্যাটিন ফুটবলের প্রদর্শনীতে মুগ্ধ হবে দর্শকরা।
২০১৫ সালে কোপা আমেরিকার নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছিল। আর এবার বিশ্ব ফুটবলের প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্টটির শতবর্ষ পূর্তিতে এর বিশেষ আসর বসছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার বাইরে এই প্রথম বাইরের কোনো দেশ আয়োজক ভূমিকায়। এটি কোপার ৪৫তম আসর।
গত বছর চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে চিলি।
শনিবার (৪ জুন) স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে কোপার শতবার্ষিক আসর মাঠে গড়াবে। ফাইনাল হবে ২৭ জুন।




