কোটা সংস্কারের দাবিতে বেরোবি ও কারমাইকেল কলেজে গণ-পদযাত্রা

বেরোবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গণ-পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ও রংপুর কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ২টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রংপুর বিভাগীয় কমিটির ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের পদযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর লালবাগে কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের গণ-পদযাত্রায় যুক্ত হয়। সম্মিলিত গণ-পদযাত্রাটি লালবাগ ঘুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেড় মোড়ে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রংপুর বিভাগীয় আহবায়ক ওয়াদুদ সাদমান, বেরোবি শাখা’র আহবায়ক রোকনুজ্জামান রবিউল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শাকিল, কারমাইকেল কলেজ শাখার আহবায়ক শামীম রেজা প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মাত্র দুই শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা বিদ্যমান রয়েছে যার কারণে প্রকৃত যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে হবে যাতে মেধাবীরা দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারে। এসময় প্রধানমন্ত্রীর কাছে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিও জানান বক্তারা।



