কোচ কাম খেলোয়াড়ের ভূমিকায় ড্যারেন সামি

পাকিস্তান সুপার লিগের ক্লাব পেশওয়ার জালমির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অলরাউন্ডার ড্যারেন সামি। আগামী দুই বছর ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ক্যারবীয় এই ক্রিকেটার। সেই সঙ্গে খেলোয়াড়ের ভূমিকায়ও থাকবেন তিনি।
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সাংবাদিকদেরকে এ খবর জানান পেশওয়ার জালমির প্রধান কোচ মোহাম্মদ আকরাম।
“২০১৬ সালে আমাদের এই অভিযান শুরুর সময়ই আমি তার (সামি) সঙ্গে বসেছিলাম, তাকে বলেছিলাম যে, আমরা দীর্ঘ সময়ের জন্য আমরা একসাথে থাকব। সামি অধিনায়ক হিসেবে আমাদের দায়িত্ব পালন করেছে। পাকিস্তানের জনগণ তাকে ভালোবাসে। সে আমাদর হৃদয়ের খুব কাছের, জালমি পরিবারের খুব কাছের।”
“এই সিদ্ধান্তে আসতে আমার কিছুটা বোঝাপড়া করতে হয়েছে। আজ থেকে আগামী দুই বছর ড্যারেন সামি পেশওয়ার জালমির নতুন প্রধান কোচ।”
কোচের দায়িত্ব ছেড়ে আকরামও আসছেন মোহাম্মদ আকরামও। দলের ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব পালনের পাশাপাশি বোলিং কোচের ভূমিকায়ও থাকবেন পাকিস্তান দলের সাবেক এই অলরাউন্ডার।
পেশওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদির সঙ্গে সামির বনিবনা হচ্ছিল না বলে গুঞ্জন চলছিল। চলতি সপ্তাহে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা হারান উইন্ডিজ এই ক্রিকেটার। এ নিয়ে রহস্যময় টুইট করেন সামি। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার পরে অবশ্য জানান, ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে তার কোনো দূরত্ব তৈরি হয়নি।
পিএসএল’র পঞ্চম আসরে পেশওয়ার জালমি এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে আছে।




