কোকাকোলা বিশ্বের বৃহত্তম প্ল্যাস্টিক দূষণকারী
বিশ্বের বৃহত্তম প্ল্যাস্টিক দূষণকারী হিসেবে আবারো আখ্যায়িত হল কোকাকোলা। ব্রেক ফ্রি ফ্রম প্ল্যাস্টিকের এক অডিটে উঠে এসেছে এই তথ্য। সেই অডিটের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।
এই নিয়ে টানা ২বার প্ল্যাস্টিক দূষণকারী হিসেবে প্রথম স্থান পেয়েছে আটলান্টা ভিত্তিক এই কোম্পানি। পরিবেশ গ্রুপ দ্বারা পরিচালিত ওই জরিপে ৫১টি দেশের ৭২,৫৪১ জন স্বেচ্ছাসেবক প্ল্যাস্টিকজাত বর্জ্য সংগ্রহ করতে গিয়ে দেখেন, তাদের খোঁজা বর্জ্যের মধ্যে প্রায় ৪৩ শতাংশই বিভিন্ন ভোক্তা ব্র্যান্ডের। তাদের মধ্যে ৩৭টি দেশে ১২ হাজারেরো বেশি প্ল্যাস্টিক বর্জ্য কোকাকোলার।
যেখানে আফ্রিকা ও ইউরোপে প্ল্যাস্টিক বর্জ্যের শীর্ষ উৎস হিসেবে রয়েছে কোকাকোলা সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম স্থানে রয়েছে নেসলে। সোলো কাপ ও স্টারবাক্স রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
কোকা-কোলা ইন্টারসেপ্টকে তাদের এক বিবৃতিতে বলে, ‘আমরা অন্যান্য ভোক্তা সংস্থাগুলোর সাথে অংশীদার হয়ে এই সমালোচনামূলক বৈশ্বিক সমস্যাটি মোকাবিলায় কাজ করছি। বর্তমান প্ল্যাস্টিক দূষণ রোধ এবং মহাসাগরে প্ল্যাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণেও আমরা কাজ করছি।’
প্রসঙ্গত, গবেষণা সংস্থাগুলোর মতে, মহাসাগরগুলোতে প্লাস্টিকগুলো ক্ষয় হতে কত দিন লাগবে তার নির্দিষ্ট সময়সীমা জানা যায় না। তবে অনুমানিক একটি প্লাস্টিকের বোতল ক্ষয় হতে প্রায় ৪৫০ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে গবেষকরা জানান।




