
সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, যারা ব্যাংক লুট করছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা ঋণখেলাপি তাদেরকে সরকার সুযোগ দিচ্ছে। আর যারা উৎপাদন করে আমাদেরকে খাওয়ায় সেই কৃষকদের ভর্তুকি তো দিচ্ছেই না তাদের ফসলের দাম কমিয়ে দিয়ে তাদেরকে আরও মারার বুদ্ধি করছে।
শনিবার (১৮ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডির উদ্যোগে ধানের ন্যায্যমূল্যের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রব বলেন, বঙ্গভবনে, গণভবনে, সচিবালয় ফসল উৎপাদন হয় না। উৎপাদন হয় খেতে খামারে আর সেই উৎপাদন যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশ চলবে কীভাবে? দেশের মানুষ বাঁচবে কীভাব?
কৃষক না বাঁচলে দেশ থাকবে না দেশের জনগণ বাঁচবে না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি ছাত্র-যুবক কৃষক পেশাজীবী শ্রমিক সকলকে আহ্বান জানিয়ে বলেন, আসুন এই অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আন্দোলনের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ি।
রব বলেন, আন্দোলন না করলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে না। আর দেশে গণতন্ত্রও ফিরে আসবে না।
সমাবেশে তানিয়া রব ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




