কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ পরিদর্শক আব্দুল জলিল সরদারের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি : মঙ্গলবার ৯ জুন কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আব্দুল জলিল সরদার (৫৫)। করোনা উপসর্গসহ শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
তিনি অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) মেনহাজুল আলম ও কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, পুলিশ পরিদর্শক আব্দুল জলিল সরদার কিছুদিন আগে জ্বরে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর তিনি কিছুটা সুস্থ অনুভব করলে বগুড়ায় তার পরিবারের কাছে যেতে ইচ্ছা প্রকাশ করেন। পরে পুলিশ বিভাগের অ্যাম্বুলেন্সে করে তাকে তার পরিবারের কাছে পাঠানো হয়। সেখানে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু গত (মঙ্গলবার) দুপুরে তার মৃত্যুর খবর আসে।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ‘করোনা উপসর্গ থাকায় গত ৩১ মে আব্দুল জলিল সরদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এখনও তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি। উপসর্গ থাকলেও তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা প্রতিবেদন পেলে জানা যাবে।’
তার মৃত্যুতে শোক জানিয়েছন মানবিক পুলিশ সুপার, কুড়িগ্রাম জনাব মহিবুল ইসলাম খান (বিপিএম)।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশ ফ্রন্ট লাইনে থেকে নানা উদ্যোগ চলমান রাখলেও করোনা উপসর্গ নিয়ে কুড়িগ্রামে এই প্রথম কোনও পুলিশ সদস্যের মৃত্যু হলো।
এর আগে জেলার ফুলবাড়ী থানার ওসি এবং ডিএমপি থেকে কুড়িগ্রামে বদলি হয়ে আসা দুই নারী পুলিশ কনস্টেবল করোনা পজেটিভ শনাক্ত হন। পুলিশ বিভাগ সূত্রে জানা যায় বর্তমানে তারা করোনা মুক্ত হয়ে সুস্থ রয়েছেন।




