শিরোনাম

কুমিল্লা মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কভিড হাসপাতালে পাঁচজন মারা গেছেন। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন করোনা রোগী। আর বাকি তিনজন করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে শনিবার রাত ১০টা ১০ মিনিটে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫৫ বছরের এক পুরুষ, রাত সাড়ে ১২টায় কুমিল্লার বরুড়া উপজেলার শৈলখালি এলাকার ৬০ বছরের এক পুরুষ ও বেলা ২টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়চর এলাকার ৬৫ বছরের এক নারী মারা গেছেন।
মৃত ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজ ভোর চারটা ২০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার ৬২ বছরের এক নারী এবং রাত ২টা ৪০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার ৬০ বছরের এক পুরুষ মারা গেছেন।
বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১২৬ জন। করোনা রোগী ৫১ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ২৪ জন নারী। আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা বেশি। রোগীদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button