কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে স্থাপিত কভিড হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রবিবার দুপুর পৌনে ১২টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ৬৫ বছরের এক পুরুষ, রাত সাড়ে আটটায় কুমিল্লা নগরের ৩০ বছর বয়সী এক নারী, রাত সাড়ে নয়টায় দেবীদ্বার উপজেলার ৪০ বছর বয়সী এক নারী, রাত পৌনে একটায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান (৬০) মারা যান।
এ ছাড়া রাত পৌনে তিনটায় চৌদ্দগ্রাম উপজেলার ৫০ বছরের এক পুরুষ এবং রাত দুইটা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকার ৫৫ বছরের এক পুরুষ মারা গেছেন।
এদিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রবিবার রাত ১০টায় চান্দিনা উপজেলার ৭৫ বছরের এক পুরুষ ও রাত সোয়া একটায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৬০ বছরের এক পুরুষ মারা যান। হাসপাতালের করোনা ওয়ার্ডে রবিবার বেলা পৌনে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার সোনারগাঁও এলাকার ৬০ বছরের এক নারী এবং রাত সাড়ে আটটায় লাকসাম উপজেলার ৬০ বছরের এক পুরুষ মারা গেছেন।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।




