আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কুকুরের ধাওয়া খেয়ে কুয়ায় পড়ে যাওয়া ব্রিটিশ যুবক ৬ দিন পর উদ্ধার

কুকুরের ধাওয়া খেয়ে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি কুয়ায় পড়ে যাওয়ার ছয়দিন পর এক ব্রিটিশ যুবককে উদ্ধার করা হয়েছে। সোমবার এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জ্যাকব রবার্টস নামে ২৯ বছর বয়সী ব্রিটিশ যুবক পেকাতু গ্রামের চার মিটার গভীর একটি কুয়ায় পড়ে পা ভেঙে ফেলেছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
কুয়াটি শুকনো ছিল কিন্তু পা ভেঙে যাওয়ায় তিনি বের হতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়ায় অল্প পরিমাণ পানি থাকায় তিনি বেঁচে ছিলেন।
গ্রামের নির্জন অংশে গো-খাদ্যের সন্ধানে যাওয়া এক বাসিন্দা রবার্টের সাহায্যের আর্তনাদ শুনতে পান বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দ্য বালি সান। পরে রবার্টের খোঁজ পেয়ে স্থানীয় কর্তৃপক্ষকে জানান তিনি।
দক্ষিণ কুটা পুলিশ প্রধান ইয়ুসাক অগাস্টিনাস সুয়াই জানান, শনিবার রবার্টকে উদ্ধারের পর তাকে রোগা এবং আহত লাগছিল।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস বালির প্রধান গেদে দার্মাদা জানান, তিন উদ্ধারকর্মী স্ট্রেচারের সাহায্যে রবার্টকে কুয়া থেকে তোলেন।
তবে এটি এখনো নিশ্চিত করা যায়নি যে ওই ব্রিটিশ যুবক বালির পর্যটক না কি সেখানে স্থায়ীভাবে বসবাস করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button