আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কাশ্মীর ইস্যুতে ভারতকে রাশিয়ার সমর্থন, পাকিস্তানের পাশে চীন

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রের শাসন জারি করা প্রশ্নে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। মস্কো জানিয়েছে, সংবিধান মেনেই জম্মু-কাশ্মীর রাজ্যের স্ট্যাটাস বদলেছে ভারত। অপরদিকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সংবিধানসম্মত ভাবেই ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার পরিবর্তন করেছে ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে।আমরা আশা করি যে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না। রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু সম্পর্কের পক্ষে প্রত্যাশা করে আসছে।
রাশিয়ার ওই বিবৃতিতে উঠে এসেছে লাহোর চুক্তি ও শিমলা চুক্তির কথাও। তাতে বলা হয়েছে, ‘আমরা আশা করব, শিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্র মেনে দুই দেশ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাদের যাবতীয় দ্বন্দ্বের নিরসন ঘটাবে।’
অপরদিকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদে উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।
শুক্রবার (৯ আগস্ট) চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের পাশে থাকবে চীন। এটি নিয়ে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতেও চীন নিজের সমর্থনের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের ‘বৈধ অধিকার ও স্বার্থের’ প্রতি চীন তার সমর্থন অব্যাহত রাখবে। সম্প্রতি কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধিতে চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই গভীর উদ্বেগ প্রকাশ করেন বলেও এতে জানানো হয়।
চীন জানায়, তারা মনে করে, কাশ্মীর বিষয়ে একপাক্ষিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত নয়। ভারত ও পাকিস্তানকে ঐতিহাসিক বিদ্বেষ কাটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানায় তারা। কাশ্মীরের বিষয়টি জাতিসংঘ সনদ, নিরাপত্তা পরিষদের বিধি ও দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সুরাহা হওয়া উচিত বলে অভিমত তাদের।
বৈঠকের পর এক ভিডিও বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী আড়াই ঘণ্টার ওই বৈঠককে দরকারি ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন । দেশটি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে পুরোপুরি সমর্থন জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button